Dark Mode
Image
  • Thursday, 26 November 2026
মানুষ বাঁচবে ১ হাজার ৪০০ বছর?

মানুষ বাঁচবে ১ হাজার ৪০০ বছর?

 

মানুষ বাঁচতে পারে ১ হাজার ৪০০ বছর! অক্সফোর্ডের সাবেক অধ্যাপকের দাবি

মানুষের গড় আয়ু যদি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছর পর্যন্ত হতো, তাহলে কেমন হতো পৃথিবী? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক সম্ভাবনার কথা তুলে ধরেছেন সুইডিশ দার্শনিক ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিক বোস্ট্রম। তাঁর মতে, ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসাবিজ্ঞান ও জীববিজ্ঞানের গবেষণায় বিপ্লব ঘটাতে পারলে মানুষের আয়ু অভাবনীয়ভাবে বাড়ানো সম্ভব হতে পারে।

সম্প্রতি এক পডকাস্টে সুপারইন্টেলিজেন্ট এআইয়ের সম্ভাব্য সুফল নিয়ে আলোচনার সময় তিনি এ ধারণা তুলে ধরেন। বোস্ট্রম বলেন, মানুষের বার্ধক্য যদি সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হতো, তাহলে গড় আয়ু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছরের কাছাকাছি হতে পারত।

এমন আয়ু বাস্তবায়িত হলে তা ইতিহাসে স্বীকৃত সবচেয়ে দীর্ঘজীবী মানুষের রেকর্ডের তুলনায় ১১ গুণেরও বেশি হবে। এখন পর্যন্ত স্বীকৃত দীর্ঘতম আয়ুর রেকর্ড ফরাসি নারী জাঁ কালমঁর। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান।

১ হাজার ৪০০ বছরের হিসাব কীভাবে?

চলতি বছর প্রকাশিত বোস্ট্রমের ‘অপটিমাল টাইমিং ফর সুপারইন্টেলিজেন্স’ শীর্ষক গবেষণাপত্রে এই ধারণার গাণিতিক ভিত্তি তুলে ধরা হয়েছে।

তাঁর বিশ্লেষণের মূল বিষয় হলো, মানুষের বার্ধক্যজনিত মৃত্যুঝুঁকি যদি দূর করা যায়, তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর আশঙ্কা যে হারে বৃদ্ধি পায়, তা আর কার্যকর থাকবে না। এ ক্ষেত্রে তিনি উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ তরুণদের বার্ষিক মৃত্যুহারের একটি হিসাব ব্যবহার করেছেন। তাঁর হিসাবে, এই হার প্রায় ০.০৫ থেকে ০.০৮ শতাংশ।

উদাহরণ হিসেবে বার্ষিক মৃত্যুঝুঁকি ০.০৭ শতাংশ ধরে হিসাব করলে একজন মানুষের সম্ভাব্য অবশিষ্ট আয়ু দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ বছর। অর্থাৎ, বার্ধক্যজনিত মৃত্যুঝুঁকি বন্ধ করা গেলে এবং অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি এই নিম্ন পর্যায়ে স্থির থাকলে এত দীর্ঘ আয়ুর গাণিতিক সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে এই হিসাব বাস্তব জীবনে মানুষের ১ হাজার ৪০০ বছর বেঁচে থাকার নিশ্চয়তা দেয় না। এটি সম্পূর্ণ একটি কাল্পনিক পরিস্থিতির ওপর ভিত্তি করে করা গাণিতিক বিশ্লেষণ। এখানে ধরে নেওয়া হয়েছে, বার্ধক্য রোধ করা সম্ভব হয়েছে এবং বার্ষিক মৃত্যুঝুঁকি অপরিবর্তিত রয়েছে। দুর্ঘটনা, সহিংসতা কিংবা অন্যান্য কারণে মৃত্যুর আশঙ্কা এতে বাদ যায় না।

মানুষের আয়ু বাড়াতে ভূমিকা রাখতে পারে এআই

বোস্ট্রমের মতে, সুপারইন্টেলিজেন্ট এআই জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও বার্ধক্য প্রতিরোধসংক্রান্ত গবেষণার গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এর ফলে বর্তমানে যেসব রোগের চিকিৎসা কঠিন বা অসম্ভব বলে মনে করা হয়, সেগুলোর কার্যকর চিকিৎসা উদ্ভাবনের পথ তৈরি হতে পারে।

এআই যেসব ক্ষেত্রে গবেষকদের সহায়তা করতে পারে, তার মধ্যে রয়েছে—

  • বর্তমানে নিরাময় করা কঠিন বা অসম্ভব রোগের নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন।

  • বয়স বাড়ার কারণে কোষ ও টিস্যুর যে ক্ষতি হয়, তা পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করা।

  • ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গ ও অস্থিসন্ধির কার্যক্ষমতা ফিরিয়ে আনা।

  • ক্যানসারের আরও কার্যকর ও নির্ভুল চিকিৎসাপদ্ধতি তৈরি।

  • আলঝেইমারের মতো স্নায়বিক অবক্ষয়জনিত রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি।

গবেষণাপত্রে বোস্ট্রম উল্লেখ করেছেন, সুপারইন্টেলিজেন্স জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকে অভাবনীয় গতিতে এগিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে তিনি আলঝেইমার রোগীর মস্তিষ্কে হারিয়ে যাওয়া নিউরন পুনরায় তৈরি করে রোগটি নিরাময়ের সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

তবে মানুষের বার্ধক্য পুরোপুরি বন্ধ করা কিংবা ১ হাজার ৪০০ বছর পর্যন্ত বেঁচে থাকা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা নয়। এটি মূলত ভবিষ্যতে উন্নত এআই ও চিকিৎসাবিজ্ঞানের সম্ভাব্য অগ্রগতি নিয়ে একটি তাত্ত্বিক ধারণা।

 

Comment / Reply From