ঘুমের আগে রিলস দেখলে কী হয়?
ঘুমানোর আগে রিলস দেখেন? অজান্তেই বাড়ছে মস্তিষ্কের ওপর চাপ
সারাদিনের ব্যস্ততা শেষে রাতে বিছানায় শুয়ে একটু রিলস দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরি কিংবা একের পর এক ভিডিও উপভোগ করা—অনেকেরই প্রতিদিনের অভ্যাস। কখনো একটি ভিডিও দেখতে গিয়ে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। শরীর তখন বিশ্রামের অপেক্ষায় থাকলেও মস্তিষ্ক ব্যস্ত থাকে নতুন নতুন তথ্য ও দৃশ্যের সঙ্গে।
বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রামের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে উত্তেজক ভিডিও, নেতিবাচক খবর কিংবা একের পর এক রিলস দেখার অভ্যাস ঘুমের সময় পিছিয়ে দিতে পারে। এতে ঘুমের স্বাভাবিক ছন্দ ও মান দুটিই প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।
দীর্ঘ সময় ফোন ব্যবহার মস্তিষ্ককে সক্রিয় রাখে
মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বিনোদন, সংবাদ ও সামাজিক যোগাযোগেরও গুরুত্বপূর্ণ অংশ। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গেলেও ফোনে নতুন কনটেন্ট দেখতে থাকলে মস্তিষ্ক ক্রমাগত উদ্দীপনা পেতে থাকে।
চিকিৎসকদের মতে, দিনে তিন ঘণ্টার বেশি ফোন ব্যবহার, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে মনোযোগের পরিবর্তন এবং তাৎক্ষণিক আনন্দ বা পুরস্কার পাওয়ার প্রবণতার সম্পর্ক রয়েছে। প্রতিটি নতুন ভিডিও, ছবি কিংবা পোস্ট মস্তিষ্কে নতুন উদ্দীপনা তৈরি করে। ফলে ঘুমানোর আগে মস্তিষ্ককে শান্ত অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে।
ঘুমের মধ্যেও গুরুত্বপূর্ণ কাজ করে মস্তিষ্ক
ঘুমকে অনেকেই শুধু শারীরিক ক্লান্তি দূর করার উপায় মনে করেন। কিন্তু এ সময় মস্তিষ্কেও চলে নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম। স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণ এবং শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে ঘুমের ভূমিকা রয়েছে।
এ ছাড়া ঘুমের সময় মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা সক্রিয় থাকে। এটি দিনের বেলায় জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই শুধু পর্যাপ্ত সময় ঘুমানোই নয়, গভীর ও স্বস্তিদায়ক ঘুম নিশ্চিত করাও জরুরি।
নীল আলো ও নেতিবাচক কনটেন্টের প্রভাব
মোবাইল ফোনের পর্দা থেকে নির্গত নীল আলো ঘুম নিয়ন্ত্রণকারী মেলাটোনিন হরমোনের নিঃসরণে প্রভাব ফেলতে পারে। শরীরের স্বাভাবিক ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতে দীর্ঘ সময় ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে।
তবে ঘুমের ওপর প্রভাব শুধু নীল আলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। রাতে কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। উত্তেজনাপূর্ণ সংবাদ, ভয়াবহ ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্ককে আরও বেশি সক্রিয় করে তুলতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নেতিবাচক খবর বা উদ্বেগজনক তথ্য দেখতে থাকার অভ্যাসকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এতে ব্যবহারকারী একবার খবর দেখা শুরু করলে থামতে পারেন না। ফলে ঘুমানোর আগে মানসিক প্রশান্তির পরিবর্তে উদ্বেগ, ভয় ও অস্থিরতা বাড়তে পারে।
ঘুমের আগে ফোন ব্যবহারের অভ্যাস বদলাবেন যেভাবে
অনেকের ক্ষেত্রে ফোন ব্যবহারের কারণে ঘুমানোর নির্ধারিত সময় পিছিয়ে যায়। একটি ভিডিও দেখতে গিয়ে পরবর্তী ভিডিও, নোটিফিকেশন কিংবা নতুন কোনো পোস্টে মনোযোগ চলে যায়। এভাবে বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় জেগে থাকতে হয়।
এ অভ্যাস নিয়ন্ত্রণে কয়েকটি বিষয় অনুসরণ করতে পারেন—
-
ঘুমানোর আগে ফোন বন্ধ রাখুন: ঘুমানোর অন্তত ৩০ থেকে ৬০ মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করার চেষ্টা করুন।
-
বিছানায় ফোন নেওয়া এড়িয়ে চলুন: ঘুমানোর জায়গাকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে যতটা সম্ভব মুক্ত রাখুন।
-
অ্যালার্মের বিকল্প ব্যবস্থা রাখুন: সকালে ঘুম থেকে ওঠার জন্য ফোনের পরিবর্তে আলাদা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতে পারেন।
-
বই পড়ার অভ্যাস গড়ুন: ঘুমানোর আগে গল্পের বই বা পছন্দের কোনো বই পড়তে পারেন।
-
হালকা গান শুনুন: শান্ত ও মৃদু সুরের গান মানসিক প্রশান্তি পেতে সাহায্য করতে পারে।
-
পরিবারকে সময় দিন: ঘুমানোর আগে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান কিংবা পরদিনের কাজের পরিকল্পনা করুন।
এ ছাড়া প্রাকৃতিক দৃশ্য, সবুজ পরিবেশ, পাহাড় কিংবা বয়ে চলা পানির শব্দ মানসিক প্রশান্তি দিতে পারে। দিনের শেষ সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক খবর থেকে দূরে রাখলে মস্তিষ্ক ঘুমের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়।
মনে রাখতে হবে, শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রামে চলে যায় না। ঘুমের আগে ফোন ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণ এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা সুস্থ জীবনযাপনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!