দৌড়ালেই কি পায়ের পেশি বড় হয়?
দৌড়ালেই কি পায়ের পেশি বড় হয়, নাকি শুধু কমে শরীরের চর্বি?
নিয়মিত দৌড়ানো শরীরের ক্যালরি খরচ বাড়ায়, পাশাপাশি পায়ের বিভিন্ন পেশিকে সক্রিয় ও কর্মক্ষম রাখে। তবে দৌড়ালেই পায়ের পেশি উল্লেখযোগ্যভাবে বড় ও শক্তিশালী হবে, এমন ধারণা ঠিক নয়। দৌড়ানোর গতি, দূরত্ব, ধরন, খাদ্যাভ্যাস ও শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে পেশির পরিবর্তন। পায়ের পেশি বড় ও সুগঠিত করতে দৌড়ানোর পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়ামও জরুরি।
দৌড়ানোর সময় শরীরের নিচের অংশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পেশি কাজ করে। এর মধ্যে রয়েছে উরুর সামনের কোয়াড্রিসেপস, পেছনের হ্যামস্ট্রিং, নিতম্বের গ্লুটস এবং পায়ের পিণ্ডলির কাফ মাসল। এসব পেশি শরীরকে সামনে এগিয়ে নেওয়া, ভারসাম্য বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপে শরীরের ভার সামলাতে সাহায্য করে।
ভারতের ফরিদাবাদের অমৃতা হাসপাতালের অর্থোপেডিকস ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিভাগের কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক ডা. অনন্যা শর্মার মতে, নতুন করে দৌড়ানো শুরু করলে পায়ের পেশিতে কিছুটা পরিবর্তন বা বৃদ্ধি দেখা যেতে পারে। তবে নিয়মিত স্বাভাবিক গতিতে দৌড়ালে পেশির আকার বাড়ার চেয়ে দীর্ঘ সময় কাজ করার সক্ষমতা ও সহনশীলতা বেশি উন্নত হয়। শরীরের অতিরিক্ত চর্বি কমে গেলে পায়ের পেশিও তুলনামূলক সুগঠিত দেখাতে পারে।
দৌড়ালে কি পায়ের পেশি তৈরি হয়?
দৌড়ানোর সময় পায়ের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করে। কোয়াড্রিসেপস হাঁটু সোজা করতে, হ্যামস্ট্রিং পা পেছনে নিতে এবং গ্লুটস শরীরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। অন্যদিকে, কাফ মাসল গোড়ালির নড়াচড়া ও মাটি থেকে পা তুলে নেওয়ার কাজে ভূমিকা রাখে।
নতুনদের ক্ষেত্রে দৌড়ানোর ফলে পেশির কিছুটা বিকাশ হতে পারে। তবে পেশির আকার উল্লেখযোগ্যভাবে বাড়াতে শুধু দৌড়ানো যথেষ্ট নয়। এ ক্ষেত্রে ভারোত্তোলন ও প্রতিরোধমূলক ব্যায়াম বেশি কার্যকর। স্কোয়াট, স্প্লিট স্কোয়াট, কাফ রেইজ ও হ্যামস্ট্রিং কার্লের মতো ব্যায়াম পেশির ওপর বাড়তি চাপ তৈরি করে, যা পেশি বৃদ্ধিতে সহায়তা করে।
২০২২ সালে প্রকাশিত ৪৩টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, অ্যারোবিক ব্যায়ামের সঙ্গে শক্তিবর্ধক ব্যায়াম যুক্ত করলে পেশির আকার ও সর্বোচ্চ শক্তি বৃদ্ধির ক্ষেত্রে শুধু শক্তিবর্ধক ব্যায়ামের তুলনায় গড়পড়তা উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
স্প্রিন্টিং নাকি দীর্ঘ দূরত্বের দৌড়—কোনটি বেশি কার্যকর?
পেশির বিকাশের ক্ষেত্রে দৌড়ানোর ধরন গুরুত্বপূর্ণ। স্বল্প দূরত্বে দ্রুতগতিতে দৌড়ানো বা স্প্রিন্টিংয়ের সময় পেশিকে অল্প সময়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এতে দ্রুত সংকোচনশীল পেশিতন্তু বেশি সক্রিয় হয়। বিশেষ করে নিতম্ব, হ্যামস্ট্রিং ও কাফ মাসলের ওপর চাপ পড়ে।
অন্যদিকে, দীর্ঘ দূরত্বের দৌড় মূলত পেশির সহনশীলতা এবং হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। দীর্ঘ সময় ধরে একই ধরনের নড়াচড়ার কারণে পেশি সক্রিয় থাকলেও পেশির আকার বাড়ানোর মতো চাপ সাধারণত তৈরি হয় না।
এ কারণে অনেক ক্ষেত্রে স্প্রিন্টারদের পায়ের পেশি দীর্ঘ দূরত্বের দৌড়বিদদের তুলনায় বেশি সুগঠিত দেখা যায়। তবে পেশির গঠনে জিনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস ও শক্তিবর্ধক ব্যায়ামেরও প্রভাব রয়েছে।
দৌড়ালে কি পা চিকন ও সুগঠিত হয়?
দৌড়ানোর ফলে শরীরের ক্যালরি খরচ বাড়ে। নিয়মিত দৌড়ানোর পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখলে শরীরের সামগ্রিক চর্বি কমতে পারে। এর প্রভাবে উরু ও পায়ের আশপাশের চর্বিও কমতে পারে এবং পেশির গঠন আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
তবে শুধু দৌড়ানোর মাধ্যমে শরীরের নির্দিষ্ট কোনো অংশের চর্বি কমানো সম্ভব নয়। অর্থাৎ দৌড়ালে শুধু উরু বা পায়ের পিণ্ডলির চর্বি কমবে, এমন ধারণা সঠিক নয়। শরীরের কোন অংশে কতটা চর্বি কমবে, তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।
দৌড়ালে কি কাফ মাসল বড় হয়?
দৌড়ানোর সময় পায়ের পিণ্ডলির দুটি প্রধান পেশি—গ্যাস্ট্রোকনেমিয়াস ও সোলিয়াস সক্রিয় থাকে। বিশেষ করে দ্রুতগতিতে দৌড়ানো, পাহাড়ি পথে দৌড়ানো কিংবা উঁচু রাস্তায় দৌড়ানোর সময় এসব পেশির ওপর চাপ বাড়ে।
তবে দৌড়ানোর কারণে কাফ মাসল কতটা বড় হবে, তা নির্ভর করে ব্যায়ামের তীব্রতা, পেশির ওপর ক্রমবর্ধমান চাপ, জিনগত বৈশিষ্ট্য ও বিশ্রামের ওপর। কাফ মাসলের আকার বাড়াতে চাইলে দৌড়ানোর পাশাপাশি নিয়মিত কাফ রেইজের মতো প্রতিরোধমূলক ব্যায়াম করা বেশি কার্যকর।
অতিরিক্ত দৌড়ালে কি পেশির ক্ষতি হতে পারে?
অতিরিক্ত দৌড়ানো এবং সেই অনুযায়ী পর্যাপ্ত ক্যালরি ও প্রোটিন গ্রহণ না করলে পেশি তৈরি ও ধরে রাখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় দৌড়ানোর ফলে শরীরের শক্তির চাহিদা বেড়ে যায়। প্রয়োজনের তুলনায় কম খাবার খেলে পেশির পুনরুদ্ধার ও শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।
তবে দৌড়ালেই পেশি কমে যায়, বিষয়টি এমন নয়। পর্যাপ্ত খাবার, প্রোটিন, বিশ্রাম এবং নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম পেশির স্বাভাবিক গঠন ধরে রাখতে সহায়তা করে।
পায়ের পেশি শক্তিশালী করতে দৌড়ানোর পাশাপাশি যা করবেন
পায়ের পেশি আরও সুগঠিত ও শক্তিশালী করতে চাইলে দৌড়ানোর পাশাপাশি নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম করা প্রয়োজন। এ ক্ষেত্রে কয়েকটি কার্যকর ব্যায়াম হলো—
-
স্কোয়াট: উরু ও নিতম্বের পেশি শক্তিশালী করতে সাহায্য করে।
-
রোমানিয়ান ডেডলিফট: হ্যামস্ট্রিং ও নিতম্বের পেশিতে কাজ করে।
-
লাঞ্জ: উরু ও নিতম্বের পেশির শক্তি বাড়াতে সহায়ক।
-
লেগ প্রেস: পায়ের বিভিন্ন পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে।
-
কাফ রেইজ: পায়ের পিণ্ডলির পেশির বিকাশে ভূমিকা রাখে।
-
হিপ থ্রাস্ট: নিতম্বের পেশি শক্তিশালী করতে কার্যকর।
শারীরিক সক্ষমতা ও বিশ্রামের বিষয়টি বিবেচনায় রেখে সপ্তাহে দুই থেকে তিন দিন পায়ের শক্তিবর্ধক ব্যায়াম করা যেতে পারে। পাশাপাশি পরিমিত দৌড়ানো, পর্যাপ্ত ক্যালরি ও প্রোটিন গ্রহণ এবং ভালো ঘুম পেশি গঠন ও পুনরুদ্ধারে সহায়তা করে।
২০২৪ সালের একটি গবেষণায় এক বছর ধরে ২৩ জন পুরুষ কলেজ স্প্রিন্টারের পেশির পরিবর্তন এমআরআইয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এতে হ্যামস্ট্রিংয়ের কিছু অংশসহ কয়েকটি পেশির আকার বেড়েছে বলে দেখা যায়। তবে কোয়াড্রিসেপসের একটি অংশের আকার কমেছিল। গবেষণায় অংশ নেওয়া অ্যাথলেটরা স্প্রিন্টিংয়ের পাশাপাশি ওজন নিয়ে ব্যায়াম ও জাম্প ট্রেনিংও করেছিলেন। তাই পেশির এই পরিবর্তনের পেছনে শুধু স্প্রিন্টিংয়ের ভূমিকা কতটা, তা নিশ্চিত করে বলা যায় না।
সব মিলিয়ে, দৌড়ানো ক্যালরি খরচ, হৃদ্যন্ত্রের সুস্থতা এবং পেশির সহনশীলতা বাড়ানোর কার্যকর উপায়। তবে পায়ের পেশি উল্লেখযোগ্যভাবে বড় ও শক্তিশালী করতে শক্তিবর্ধক ব্যায়াম বেশি কার্যকর। তাই পা সুগঠিত ও শক্তিশালী করতে চাইলে দৌড়ানোর সঙ্গে নিয়মিত পেশিবর্ধক ব্যায়ামের সমন্বয় করা সবচেয়ে ভালো।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!