আইফোন এত দামি কেন? জানুন অ্যান্ড্রয়েডের সঙ্গে মূল পার্থক্য
স্মার্টফোন কেনার সময় অনেকের মনেই একটি প্রশ্ন আসে—একই ধরনের অনেক ফিচার থাকা সত্ত্বেও আইফোনের দাম অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় এত বেশি কেন? এটি কি শুধুই অ্যাপলের ব্র্যান্ডমূল্য, নাকি এর পেছনে রয়েছে প্রযুক্তিগত ও ব্যবসায়িক বাস্তবতা?
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোনের উচ্চমূল্যের পেছনে শুধু উন্নত হার্ডওয়্যার নয়, বরং অ্যাপলের নিজস্ব সফটওয়্যার, ইকোসিস্টেম, দীর্ঘমেয়াদি আপডেট এবং ব্র্যান্ড কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অ্যাপলের প্রিমিয়াম মূল্যনীতি
২০১৭ সালে আইফোন এক্স বাজারে এনে ৯৯৯ ডলারের মূল্য নির্ধারণ করে অ্যাপল। এরপর থেকে তাদের প্রো সিরিজের ফোনগুলো প্রায় একই মূল্যসীমায় রাখা হয়েছে। বর্তমানে বেস মডেলের আইফোনের দাম শুরু হয় প্রায় ৭৯৯ ডলার থেকে, আর উচ্চক্ষমতাসম্পন্ন সংস্করণগুলোর দাম প্রায় ২ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, অ্যান্ড্রয়েড বাজারে ২০০ ডলারের মধ্যেও এমন স্মার্টফোন পাওয়া যায়, যেখানে উন্নত ডিসপ্লে, বড় ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব।
প্রতিযোগিতাই অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় শক্তি
অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় সুবিধা হলো—এটি একটি উন্মুক্ত (ওপেন সোর্স) অপারেটিং সিস্টেম, যা ব্যবহার করে অসংখ্য নির্মাতা প্রতিষ্ঠান বিভিন্ন দামের ফোন তৈরি করে।
স্যামসাং, শাওমি, গুগল, ওয়ানপ্লাস, রিয়েলমি, মটোরোলা কিংবা নাথিং—সব ব্র্যান্ডই একই বাজারে প্রতিযোগিতা করে। ফলে ক্রেতাদের আকৃষ্ট করতে কম দামে উন্নত ফিচার দেওয়ার চেষ্টা চালিয়ে যায় তারা।
এই প্রতিযোগিতার কারণে আজকের বাজেট অ্যান্ড্রয়েড ফোনেও AMOLED বা OLED ডিসপ্লে, বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং শক্তিশালী প্রসেসরের মতো সুবিধা দেখা যাচ্ছে।
খরচ কমানোর কৌশল
কম দামে ফোন বিক্রি করতে অ্যান্ড্রয়েড নির্মাতারা অনেক সময় কিছু জায়গায় খরচ কমিয়ে থাকেন।
লো-এন্ড ফোনে প্লাস্টিকের বডি, তুলনামূলক সাধারণ ক্যামেরা সেন্সর কিংবা সীমিত সফটওয়্যার আপডেট দেওয়া হয়। অনেক ক্ষেত্রে একাধিক ক্যামেরা থাকলেও সব সেন্সরের কার্যকারিতা সমান হয় না।
এর বিপরীতে অ্যাপল প্রতিটি আইফোনে উন্নত মানের উপাদান, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘ সময় সফটওয়্যার আপডেট নিশ্চিত করে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়।
নিজস্ব ইকোসিস্টেমই অ্যাপলের বড় শক্তি
আইফোনের অন্যতম বড় সুবিধা হলো অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেম। আইক্লাউড, এয়ারড্রপ, আইমেসেজ, ফেসটাইমসহ বিভিন্ন সেবা একসঙ্গে কাজ করে ব্যবহারকারীদের জন্য একটি সমন্বিত অভিজ্ঞতা তৈরি করে।
এসব সেবা নিয়মিত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। পাশাপাশি অ্যাপল নিজেই তাদের প্রসেসর ও অপারেটিং সিস্টেম তৈরি করে, যা অন্য অনেক নির্মাতার মতো তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল নয়।
ব্র্যান্ডমূল্যেরও বড় ভূমিকা রয়েছে
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো তাদের ব্র্যান্ড ইমেজ। বহু ব্যবহারকারী একবার আইফোন ব্যবহার শুরু করলে একই ইকোসিস্টেমে থেকে যান। ফলে নতুন মডেল কেনার সময় তুলনামূলক বেশি দাম দিলেও তারা বিকল্প প্ল্যাটফর্মে যেতে চান না।
এ কারণেই অ্যাপল প্রতিযোগীদের তুলনায় বেশি মুনাফা নিয়েও ফোন বিক্রি করতে সক্ষম হয়।
তাহলে কোনটি বেশি লাভজনক?
যারা দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট, উন্নত ক্যামেরা, শক্তিশালী নিরাপত্তা এবং একীভূত ইকোসিস্টেম চান, তাদের জন্য আইফোন ভালো পছন্দ হতে পারে।
অন্যদিকে, কম বাজেটে বেশি ফিচার, বৈচিত্র্য এবং নিজের প্রয়োজন অনুযায়ী ফোন বেছে নেওয়ার সুযোগ চাইলে অ্যান্ড্রয়েড এখনও সবচেয়ে বড় বিকল্প।
সবশেষে বলা যায়, আইফোনের বেশি দামের কারণ শুধু উন্নত হার্ডওয়্যার নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে অ্যাপলের নিজস্ব প্রযুক্তি, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, প্রিমিয়াম ব্র্যান্ড মূল্য এবং শক্তিশালী ইকোসিস্টেম। আর অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার মূল শক্তি হলো বৈচিত্র্য, প্রতিযোগিতা এবং তুলনামূলক সাশ্রয়ী দাম।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!