Dark Mode
Image
  • Thursday, 16 July 2026
ইনজেকশন ছাড়াই ওজন কমাতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

ইনজেকশন ছাড়াই ওজন কমাতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

ওজন কমাতে বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ওজেম্পিক’ ও ‘ওয়েগোভি’-র মতো জিএলপি-১ (GLP-1) রিসেপ্টর অ্যাগোনিস্ট ইনজেকশন। তারকা থেকে সাধারণ মানুষ— অনেকেই দ্রুত ওজন নিয়ন্ত্রণে রাখতে এই থেরাপির দিকে ঝুঁকছেন। তবে এসব ইনজেকশনের উচ্চ মূল্য এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে বিকল্প উপায় খুঁজছেন অনেকে।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, ব্যয়বহুল ইনজেকশনের ওপর নির্ভর না করেও প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে শরীরের প্রাকৃতিকভাবে গ্লুকাগন-লাইক পেপটাইড-১ (GLP-1) হরমোনের নিঃসরণ বাড়ানো সম্ভব। এই হরমোন ক্ষুধা নিয়ন্ত্রণ, দীর্ঘ সময় পেট ভরা রাখার অনুভূতি তৈরি এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউসি ডেভিস ইনোভেশন ইনস্টিটিউট ফর ফুড অ্যান্ড হেলথ-এর পরিচালক জাস্টিন সিগেলের মতে, নির্দিষ্ট কিছু খাবার অন্ত্রের কোষকে উদ্দীপিত করে প্রাকৃতিকভাবেই GLP-1 হরমোন উৎপাদনে সহায়তা করতে পারে। ফলে ওষুধ ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর ওজন ব্যবস্থাপনা সহজ হতে পারে।

ওটস ও বার্লি রাখুন সকালের নাস্তায়

ওটস ও বার্লিতে থাকা বিটা-গ্লুকান নামের দ্রবণীয় আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই উপাদান GLP-1 হরমোনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে। তাই দিনের শুরুতে ওটস বা বার্লি খেলে দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

ডিম ও প্রোটিনসমৃদ্ধ খাবার

ডিম, মাছ, মুরগির মাংস, ডাল ও অন্যান্য চর্বিহীন প্রোটিনসমৃদ্ধ খাবার শরীরে দ্রুত তৃপ্তির অনুভূতি তৈরি করে। একই সঙ্গে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখে। বিশেষজ্ঞদের মতে, সকালের নাস্তায় একটি বা দুটি ডিম খেলে সারাদিন অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

স্বাস্থ্যকর চর্বি বেছে নিন

চিনা বাদাম, কাঠবাদাম, তিসির বীজ এবং সরিষার তেলের মতো স্বাস্থ্যকর চর্বি পাকস্থলী ধীরে খালি হতে সাহায্য করে। ফলে দীর্ঘ সময় ক্ষুধা অনুভূত হয় না। বিদেশি খাবারের পরিবর্তে স্থানীয় এসব খাবারও একই ধরনের উপকার দিতে পারে।

টক দই ও ফারমেন্টেড খাবার

অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে GLP-1 হরমোনের কার্যকারিতাও বাড়ে। টক দই, কিমচি কিংবা অন্যান্য ফারমেন্টেড খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, যা ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

খাবার খাওয়ার ক্রমেও আছে গুরুত্বপূর্ণ ভূমিকা

বিশেষজ্ঞরা বলছেন, শুধু কী খাচ্ছেন তা নয়, কোন ক্রমে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। প্রথমে শাকসবজি ও আঁশযুক্ত খাবার, এরপর প্রোটিন এবং সবশেষে ভাত বা রুটির মতো কার্বোহাইড্রেট খেলে শরীরে GLP-1 হরমোনের নিঃসরণ আরও কার্যকর হতে পারে।

টেকসই ওজন নিয়ন্ত্রণে জীবনযাপনের পরিবর্তন জরুরি

বিশেষজ্ঞদের মতে, দ্রুত ফলের আশায় ওষুধের ওপর নির্ভর করার পরিবর্তে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করাই সবচেয়ে নিরাপদ ও দীর্ঘস্থায়ী উপায়।

প্রতিদিন পর্যাপ্ত আঁশ ও প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি প্রতিটি প্রধান খাবারের পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটার অভ্যাস শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া সচল রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Comment / Reply From