Dark Mode
Image
  • Wednesday, 18 February 2026
ক্ষুধা বাড়লেই রাগ কেন বাড়ে? বিজ্ঞানের ব্যাখ্যা

ক্ষুধা বাড়লেই রাগ কেন বাড়ে? বিজ্ঞানের ব্যাখ্যা

খেয়াল করে দেখেছেন কি—পেট খালি থাকলে ছোটখাটো বিষয়েও মেজাজ খিটখিটে হয়ে যায়? ইংরেজিতে এই অবস্থার একটি আলাদা নামও রয়েছে—‘Hangry’ (Hungry + Angry)। ২০১৮ সালে শব্দটি স্থান পায় Oxford English Dictionary-এ। অর্থাৎ ক্ষুধার কারণে রাগান্বিত বা বিরক্ত হয়ে পড়া।

বিজ্ঞান বলছে, এটি কেবল মনের বিষয় নয়—শরীর ও মস্তিষ্কের জটিল প্রক্রিয়ার ফল।

ক্ষুধা ও মেজাজ: কী বলছে গবেষণা?

ক্ষুধা মানুষের মৌলিক শারীরিক চাহিদা। শরীরে জ্বালানির অভাব হলে তা সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রক্তে গ্লুকোজের মাত্রা কমলেই যে সবার মেজাজ খারাপ হবে—এমন নয়।

গবেষণায় ৯০ জন সুস্থ প্রাপ্তবয়স্ককে এক মাস ধরে ‘কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর’ ব্যবহার করতে দেওয়া হয়। দিনে দুবার তাদের ক্ষুধার মাত্রা ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। ফলাফল ছিল চমকপ্রদ—

কেবল রক্তে শর্করা কমলেই মেজাজ খারাপ হয়নি।

বরং যখন অংশগ্রহণকারীরা সচেতনভাবে অনুভব করেছেন যে তারা ক্ষুধার্ত, তখনই মেজাজে নেতিবাচক পরিবর্তন এসেছে।

যারা শরীরের অভ্যন্তরীণ সংকেত ভালোভাবে বুঝতে পারেন, তাদের মেজাজ তুলনামূলক স্থিতিশীল ছিল।

‘ইন্টারোসেপশন’: ভেতরের সংকেত বোঝার ক্ষমতা

বিজ্ঞানীরা শরীরের অভ্যন্তরীণ সংকেত বোঝার ক্ষমতাকে বলেন ‘ইন্টারোসেপশন’। ক্ষুধার সংকেত মস্তিষ্কের ‘হাইপোথ্যালামাস’ থেকে শুরু হয় এবং এর সচেতন অনুভূতির সঙ্গে যুক্ত ‘ইনসুলা’ অংশ।

যাদের ইন্টারোসেপ্টিভ ক্ষমতা বেশি, তারা ক্ষুধা অনুভব করলেও আবেগ নিয়ন্ত্রণে তুলনামূলক দক্ষ। অর্থাৎ তারা ‘হ্যাংরি’ হন কম।

কেন ক্ষুধা আমাদের আচরণ বদলে দেয়?

ক্ষুধা বাড়লে শরীর দ্রুত শক্তি চায়। তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হতে পারে, আবেগপ্রবণ আচরণ বাড়ে এবং অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁক তৈরি হয়।
পরিবার, সহকর্মী বা বন্ধুদের সঙ্গে সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শিশুদের ক্ষেত্রে সমস্যা বেশি কেন?

শিশুরা চারপাশের খেলাধুলা বা কাজে এতটাই ডুবে থাকে যে তারা ক্ষুধা বা তৃষ্ণার সংকেত উপেক্ষা করে। ফলে হঠাৎ কান্না বা ‘মেল্টডাউন’ দেখা যায়। তাদের ক্ষেত্রে সময়মতো খাবার দেওয়া বিশেষভাবে জরুরি।

সমাধান কী?

নির্দিষ্ট সময়ে নিয়মিত খাবার খান

দীর্ঘ সময় না খেয়ে থাকা এড়িয়ে চলুন

শরীরের সংকেতের প্রতি সচেতন হোন

নিয়মিত ব্যায়াম করুন, এতে শরীরের ভেতরের বার্তা বোঝা সহজ হয়

মেজাজ খারাপ হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। তবে ক্ষুধা যে তার অন্যতম বড় কারণ—তা এখন বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত। তাই ‘হ্যাংরি’ হওয়ার আগেই পেট ভরান, মেজাজও থাকবে ভালো।

Comment / Reply From