দুর্যোগে বাঁচার সঙ্গী ‘ইমার্জেন্সি ব্যাকপ্যাক’
সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ঘর ছাড়তে হলে কীভাবে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন—এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, যেকোনো বড় বিপর্যের পর প্রথম ৭২ ঘণ্টা বা তিন দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টুকু নিরাপদে টিকে থাকতে আগে থেকেই একটি ‘ইমার্জেন্সি ব্যাকপ্যাক’ বা ‘গো ব্যাকপ্যাক’ প্রস্তুত রাখা জীবনরক্ষাকারী হতে পারে।
এই ব্যাকপ্যাকটি এমন জায়গায় রাখা উচিত, যেখান থেকে বিপদের সময় দ্রুত বের হওয়ার পথে সহজেই হাতে পাওয়া যায়। বাড়ির মূল দরজার পাশে, ডাইনিং টেবিলের নিচে বা সহজে পৌঁছানো যায়—এমন স্থানে রাখা সবচেয়ে ভালো।
একটি আদর্শ ইমার্জেন্সি ব্যাকপ্যাকে যা থাকা প্রয়োজন—
দুর্যোগের সময় পানির সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে ওঠে। তাই ব্যাগে অন্তত দুই থেকে তিন লিটার বিশুদ্ধ পানি রাখা জরুরি। পাশাপাশি তিন দিনের জন্য এনার্জি বার, ড্রাই ফ্রুটস, মুড়ি, চিড়া বা বিস্কুটের মতো শুকনো খাবার রাখতে হবে।
জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ওষুধ, একটি ফার্স্টএইড কিট, টর্চলাইট, পাওয়ার ব্যাংক ও চার্জার ব্যাগে যুক্ত করা আবশ্যক। সুরক্ষার জন্য সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস এবং সাহায্য চাওয়ার জন্য একটি হুইসিল রাখা উচিত।
গুরুত্বপূর্ণ নথিপত্র—জাতীয় পরিচয়পত্র, ব্যাংক সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি একটি জলরোধী প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি কিছু নগদ অর্থ রাখাও বুদ্ধিমানের কাজ।
ব্যক্তিগত ব্যবহারের জন্য দুই সেট কাপড়, গামছা, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট পেপার ও স্যানিটারি ন্যাপকিন ব্যাগে রাখা প্রয়োজন। পরিবারের সদস্যদের মধ্যে নবজাতক বা শিশু থাকলে তাদের জন্য ডায়াপার ও শিশুখাদ্য আলাদাভাবে গুছিয়ে নিতে হবে।
এ ছাড়া একটি পাতলা কম্বল, বেডশিট, ছোট পাটি কিংবা ছাতা যুক্ত করলে দুর্যোগকালীন অস্বস্তি কিছুটা কমানো যায়।
বিশেষজ্ঞদের মতে, দুর্যোগের সময় আতঙ্ক নয়—শান্ত ও সচেতন সিদ্ধান্তই জীবন বাঁচায়। জরুরি সেবা নম্বরগুলো একটি কাগজে লিখে ব্যাগে বা দৃশ্যমান স্থানে রেখে দেওয়া উচিত।
সামান্য পূর্বপ্রস্তুতিই পারে বিপদের মুহূর্তে বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!