নখের এই ৫ পরিবর্তন জানিয়ে দিতে পারে মারাত্মক রোগের ইঙ্গিত
স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে আমরা সাধারণত রক্তপরীক্ষা বা শারীরিক উপসর্গের দিকে নজর দিই। তবে চিকিৎসকদের মতে, শরীরের গুরুত্বপূর্ণ সংকেত অনেক সময় নখেই ধরা পড়ে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, নখের গঠন, রং কিংবা আকৃতির পরিবর্তন শরীরের ভেতরের নানা জটিল রোগের আগাম ইঙ্গিত দিতে পারে।
পুষ্টিবিদ ডা. রোহিনী পাতিল জানান, অনেক রোগের উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই নখে অস্বাভাবিকতা দেখা যায়। অথচ বেশির ভাগ মানুষ এসব পরিবর্তনকে গুরুত্ব দেন না। তাঁর মতে, নখে সাদা দাগ, চামচের মতো আকৃতি, অতিরিক্ত বাঁক, হলুদ ও মোটা হওয়া কিংবা ডগা কালচে হয়ে যাওয়া—এসব লক্ষণ কোনোভাবেই অবহেলার নয়। এগুলো শরীরে পুষ্টির ঘাটতি থেকে শুরু করে থাইরয়েড, লিভার, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে।
নখের যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি
নখে সাদা দাগ
নখে ছোট সাদা দাগ অনেক সময় আঘাতের কারণে হলেও সব ক্ষেত্রে তা স্বাভাবিক নয়। চিকিৎসকদের মতে, এটি দস্তার ঘাটতি বা কিডনি সমস্যার লক্ষণ হতে পারে।
চামচের মতো নখ
নখের কিনারা উপরের দিকে উঠে চামচের মতো আকৃতি নিলে তা রক্তস্বল্পতার ইঙ্গিত দেয়। পাশাপাশি থাইরয়েড বা হৃদযন্ত্রের সমস্যার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।
অতিরিক্ত বাঁকানো নখ
নখ যদি আঙুলকে ঘিরে অস্বাভাবিকভাবে বাঁকানো হয়, তবে এটি শরীরে অক্সিজেনের ঘাটতি, ফুসফুস বা লিভারের রোগের সংকেত হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।
হলুদ ও মোটা নখ
হলুদাভ ও মোটা নখ সাধারণত ছত্রাকজনিত সংক্রমণের লক্ষণ। সংক্রমণ বাড়লে নখ ভেঙে যাওয়া বা গোড়া থেকে উঠে যাওয়ার ঝুঁকি থাকে।
নখের ডগা কালচে হওয়া
নখ স্বাভাবিক হলেও ডগা যদি কালচে রঙের হয়, তবে তা লিভার, কিডনি বা ডায়াবেটিসের মতো রোগের ইঙ্গিত হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকদের মতে, নখের এসব সূক্ষ্ম পরিবর্তন শরীরে লুকিয়ে থাকা রোগের আগাম সতর্কবার্তা হতে পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের।
বিঃদ্রঃ এই প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে। এটি কোনো চিকিৎসা পরামর্শ নয়। ওষুধ গ্রহণ বা চিকিৎসা শুরু করার আগে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!