Dark Mode
Image
  • Wednesday, 04 February 2026
ভ্রমণে নেক পিলো নাকি কলার—কোনটা আসলেই দরকার?

ভ্রমণে নেক পিলো নাকি কলার—কোনটা আসলেই দরকার?

দূরপাল্লার ভ্রমণ মানেই দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকা। বাস, ট্রেন কিংবা বিমানে যাতায়াতের সময় অনেকেই ঘাড়ব্যথা এড়াতে নেক পিলো বা ট্রাভেল পিলো ব্যবহার করেন। আবার কেউ কেউ ঘাড়ে ব্যথা থাকলে সফট সার্ভিক্যাল কলার পরেন। কিন্তু এই দুটি কি একই ধরনের উপকার দেয়? নাকি ভুল ব্যবহারে সমস্যা বাড়তে পারে? চলুন জেনে নেওয়া যাক।

সফট সার্ভিক্যাল কলার: কী ও কখন দরকার

সফট সার্ভিক্যাল কলার হলো নরম ফোম দিয়ে তৈরি একটি সাপোর্ট, যা ঘাড়ের চারপাশে পরানো হয়। এর মূল কাজ হলো ঘাড়ের নড়াচড়া সীমিত করা এবং মাংসপেশিকে সাময়িক বিশ্রাম দেওয়া।

চিকিৎসকেরা সাধারণত যেসব ক্ষেত্রে কলার ব্যবহারের পরামর্শ দেন—

হঠাৎ তীব্র ঘাড়ব্যথা

ঘাড়ের মাংসপেশিতে তীব্র টান বা স্পাজম

দুর্ঘটনা বা আকস্মিক ঝাঁকুনির পর

সার্ভাইক্যাল ডিস্ক সমস্যার তীব্র ব্যথার সময়

তবে হালকা বা দীর্ঘদিনের ঘাড়ব্যথায় শুধু এক্স–রে রিপোর্ট দেখে নিজে নিজে কলার ব্যবহার করা ঠিক নয়। প্রতিদিন দীর্ঘ সময়, গাড়ি চালানোর সময় বা নিয়মিত কলার পরা ক্ষতিকর হতে পারে। সাধারণত দিনে সর্বোচ্চ ২–৪ ঘণ্টা এবং ৫–৭ দিনের বেশি পরা উচিত নয়। ঘুমানোর সময় কলার পরারও প্রয়োজন নেই। মনে রাখতে হবে, কলার ব্যথা সাময়িকভাবে কমালেও এটি স্থায়ী চিকিৎসা নয়।

নেক পিলো: কারা ব্যবহার করবেন

নেক পিলো সাধারণত ‘ইউ’ আকৃতির নরম বালিশ, যা ঘাড়ের পেছনে সাপোর্ট দেয়। এর উদ্দেশ্য হলো দীর্ঘ সময় বসে থাকার সময় ঘাড়ের ওপর চাপ কমানো এবং ঘাড়কে স্বাভাবিক অবস্থায় রাখা।

যাঁদের জন্য নেক পিলো উপকারী—

যাঁদের দীর্ঘ সময় গাড়ি, বাস বা বিমানে বসে থাকতে হয়

দীর্ঘ ভ্রমণ বা যানজটে আটকে থাকার সময়

যাঁদের গাড়ির হেডরেস্ট ঘাড়ে পর্যাপ্ত সাপোর্ট দেয় না

সঠিকভাবে ব্যবহার করলে নেক পিলো দীর্ঘমেয়াদেও ব্যবহার করা যায়। তবে এটি আরামদায়ক না হলে বা ঘাড়ের স্বাভাবিক ভঙ্গি নষ্ট করলে সমস্যা বাড়তে পারে। ভুল উচ্চতা বা শক্ত পিলো ব্যবহারে ঘাড়ের মাংসপেশি দুর্বল হওয়া, ঘাড় শক্ত হয়ে যাওয়া কিংবা ব্যথা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

মনে রাখবেন

সফট সার্ভিক্যাল কলার কিংবা নেক পিলো—কোনোটিই ঘাড়ব্যথার মূল চিকিৎসা নয়। এগুলো কেবল সহায়ক উপকরণ। ঘাড় সুস্থ রাখতে সবচেয়ে জরুরি—

সঠিক ভঙ্গিতে বসা ও কাজ করা

দীর্ঘ সময় এক ভঙ্গিতে না থাকা

নিয়মিত ঘাড়ের হালকা ব্যায়াম করা

ঘাড়ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা ব্যথা বাড়লে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Comment / Reply From