Dark Mode
Image
  • Tuesday, 16 June 2026
সেদ্ধ ডিম কতক্ষণ ভালো থাকে? সময় পেরোলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

সেদ্ধ ডিম কতক্ষণ ভালো থাকে? সময় পেরোলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

ডিম পুষ্টিকর ও সহজলভ্য খাবারগুলোর মধ্যে অন্যতম। অনেকেই সময় বাঁচাতে আগে থেকেই ডিম সেদ্ধ করে রাখেন এবং পরে সালাদ, নাস্তা বা ডায়েট মেনুতে ব্যবহার করেন। তবে সেদ্ধ ডিম কতক্ষণ নিরাপদ থাকে, কীভাবে সংরক্ষণ করলে এর পুষ্টিগুণ বজায় থাকে এবং কখন তা খাওয়া উচিত নয়—এসব বিষয়ে সচেতন থাকা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের গরম আবহাওয়ায় সেদ্ধ ডিম ঘরের তাপমাত্রায় দুই ঘণ্টার বেশি রাখা উচিত নয়। দুই ঘণ্টা পার হওয়ার পর ডিমে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে, যদিও বাইরে থেকে এর কোনো পরিবর্তন বা দুর্গন্ধ নাও দেখা যেতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিম খেয়ে ফেলা ভালো।

দুই ঘণ্টা পর্যন্ত নিরাপদ রাখতে যা করবেন

সেদ্ধ ডিম খোসাসহ সংরক্ষণ করলে তা তুলনামূলক বেশি নিরাপদ থাকে। খাওয়ার ঠিক আগে খোসা ছাড়ানো উচিত। পাশাপাশি ডিম ও সংরক্ষণের পাত্র যেন শুকনো থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ভেজা পরিবেশ জীবাণু বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে।

ফ্রিজে কতদিন রাখা যায়?

পুরোপুরি শক্ত করে সেদ্ধ করা ডিম সঠিকভাবে সংরক্ষণ করলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত নিরাপদে খাওয়া যায়। এ সময়ের মধ্যে এর পুষ্টিগুণ ও স্বাদও অনেকটাই অক্ষুণ্ন থাকে।

সেদ্ধ করার দুই ঘণ্টার মধ্যেই ডিম ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তবে গরম অবস্থায় সরাসরি ফ্রিজে রাখা যাবে না। ডিম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর বায়ুরোধী বা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা সবচেয়ে ভালো।

যেসব লক্ষণ দেখলে ডিম খাবেন না

ফ্রিজে রাখা সেদ্ধ ডিমে হালকা গ্যাসের মতো গন্ধ পাওয়া স্বাভাবিক। এটি নষ্ট হওয়ার লক্ষণ নয়। তবে নিচের লক্ষণগুলো দেখা গেলে ডিম খাওয়া থেকে বিরত থাকুন—

  • তীব্র দুর্গন্ধ বের হলে
  • ডিম বা খোসা পিচ্ছিল হয়ে গেলে
  • খোসা চকের মতো সাদা হয়ে গেলে

এসব লক্ষণ ডিম নষ্ট হওয়ার ইঙ্গিত দিতে পারে এবং তা খেলে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি তৈরি হতে পারে।

সংরক্ষণের সময় আরও কিছু সতর্কতা

সেদ্ধ ডিম ফ্রিজের দরজার অংশে না রেখে ভেতরের দিকে রাখা ভালো। কারণ ফ্রিজ বারবার খোলা-বন্ধ করার ফলে দরজার কাছাকাছি তাপমাত্রার ওঠানামা বেশি হয়, যা ডিম দ্রুত নষ্ট হওয়ার কারণ হতে পারে।

ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা উচিত। তবে সেদ্ধ ডিম ডিপফ্রিজে রাখা ঠিক নয়, কারণ এতে ডিমের স্বাদ ও গঠন নষ্ট হতে পারে।

খোসা ছাড়িয়ে সংরক্ষণ করা যাবে?

খোসা ছাড়ানো সেদ্ধ ডিমও সংরক্ষণ করা যায়, তবে সেক্ষেত্রে বায়ুরোধী পাত্র ব্যবহার করতে হবে। পাশাপাশি পাত্রের বাইরের দিকে ভেজা কাপড় বা কিচেন টাওয়েল জড়িয়ে রাখলে ডিম শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা কমে।

তবে সেদ্ধ ডিম কুচি বা টুকরা করে সংরক্ষণ না করাই ভালো। এতে স্বাদ ও গুণগত মান দ্রুত কমে যেতে পারে।

নরম সেদ্ধ ডিমের ক্ষেত্রে সতর্কতা

যেসব ডিমের কুসুম পুরোপুরি শক্ত করা হয় না বা নরম সেদ্ধ রাখা হয়, সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। এমন ডিম ফ্রিজে রাখলেও দুই দিনের বেশি রাখা নিরাপদ নয়।

সঠিক নিয়মে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম দীর্ঘ সময় নিরাপদে খাওয়া সম্ভব। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Comment / Reply From