Dark Mode
Image
  • Sunday, 08 February 2026
চা খাওয়ার সঠিক নিয়ম জানেন তো?

চা খাওয়ার সঠিক নিয়ম জানেন তো?

দিন শুরু হোক কিংবা কাজের ফাঁকে একটু বিরতি—চা ছাড়া অনেকেরই দিন চলে না। যদিও চা-পাতায় কিছু খনিজ উপাদান থাকে, প্রক্রিয়াজাতকরণ ও চা বানানোর সময় সেগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে যায়। ফলে চায়ের মূল আকর্ষণ পুষ্টিগুণ নয়, বরং এতে থাকা ক্যাফেইন থেকে পাওয়া সতেজতা ও চাঙ্গা অনুভূতি।

বিভিন্ন ধরনের চায়ে ক্যাফেইনের মাত্রা ভিন্ন হলেও যেকোনো চাতেই কফির তুলনায় ক্যাফেইন কম থাকে। এমনকি ক্যাফেইনমুক্ত চাও পাওয়া যায়। তবে সঠিক নিয়মে না খেলে এই জনপ্রিয় পানীয়ই শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

চায়ের উপকারিতা

চায়ের ক্যাফেইন মনোযোগ ও সতর্কতা বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ বা ক্লান্তির সময় এক কাপ চা সাময়িক প্রশান্তি এনে দিতে পারে। গরম চা শীতের দিনে শরীর উষ্ণ রাখতেও কার্যকর।

কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পান রক্তের সুগার ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এটি কখনোই ওষুধের বিকল্প নয়—এ বিষয়টি মনে রাখা জরুরি।

চা খেলে যেসব ক্ষতি হতে পারে

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে অনিদ্রা, মাথাব্যথা, অস্থিরতা, দুশ্চিন্তা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিংবা হাত-পা কাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন নিয়মিত চা পান করলে ক্যাফেইনের প্রতি একধরনের নির্ভরশীলতাও তৈরি হয়। হঠাৎ চা না খেলে মাথাব্যথা, ক্লান্তি বা বিরক্তিভাব দেখা দিতে পারে।

চা প্রস্রাবের পরিমাণ বাড়ায়, ফলে পর্যাপ্ত পানি না খেলে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হয়। এছাড়া চায়ে থাকা ট্যানিন নামের উপাদান অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি, পেটব্যথা বা বমিভাবের কারণ হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—চা শরীরে আয়রন শোষণে বাধা দেয়। বিশেষ করে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রনের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে চা খাওয়া মোটেও ভালো নয়।

কীভাবে চা খাওয়া ভালো

বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে চা খেলে উপকার পাওয়া সম্ভব—

খালি পেটে চা খাবেন না

দিনে সর্বোচ্চ তিন কাপের বেশি চা পান করবেন না

শেষ কাপ চা বিকালের মধ্যেই শেষ করুন, যাতে ঘুমের সমস্যা না হয়

আয়রনসমৃদ্ধ খাবারের আগে বা পরে অন্তত দুই ঘণ্টা চা এড়িয়ে চলুন

চায়ে চিনি না দেওয়াই ভালো; মধু বা গুড়কেও নিরাপদ বিকল্প ভাবা ঠিক নয়

দুধ-চা খেলে দুধের পরিমাণ অল্প রাখুন

সচেতন অভ্যাসই পারে চাকে উপকারী পানীয় হিসেবে ধরে রাখতে।

সূত্র: ওয়েবএমডি, হেলথলাইন

Comment / Reply From