Dark Mode
Image
  • Thursday, 09 April 2026
পান্তাভাত: ঐতিহ্যের স্বাদে লুকানো পুষ্টির ভাণ্ডার

পান্তাভাত: ঐতিহ্যের স্বাদে লুকানো পুষ্টির ভাণ্ডার

বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তাভাত শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের দিক থেকেও বেশ সমৃদ্ধ—এমনটাই জানিয়েছেন পুষ্টিবিদরা। বিশেষ করে লাল চালের পান্তাভাতে সাদা চালের তুলনায় বেশি পুষ্টি উপাদান পাওয়া যায়, যা শরীরের জন্য উপকারী।

গবেষণায় দেখা গেছে, আগের দিনের ভাত ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে এতে প্রাকৃতিকভাবে ফারমেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ভাতের কার্বোহাইড্রেট ভেঙে যায় এবং ফাইটেটের মতো অ্যান্টি-নিউট্রিশনাল উপাদান কমে আসে। ফলে ভাতে থাকা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো শরীর সহজে গ্রহণ করতে পারে।

ফারমেন্টেশনের ফলে পান্তাভাতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, ফসফরাস এবং ভিটামিন বি-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, সাধারণ ভাতে যেখানে পটাশিয়াম থাকে প্রায় ৭৭ মিলিগ্রাম, সেখানে পান্তাভাতে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৭৯৯ মিলিগ্রাম। একইভাবে আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণও কয়েকগুণ বৃদ্ধি পায়।

পুষ্টিবিদদের মতে, পান্তাভাতে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। পাশাপাশি এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে এবং ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়তা করতে পারে। পান্তাভাতে থাকা কিছু উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, পান্তাভাত খেলে রক্তে শর্করার মাত্রা তুলনামূলক ধীরে বাড়ে, যা অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে।

তবে পান্তাভাত খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও জরুরি। ১২ ঘণ্টার বেশি সময় ধরে ফারমেন্টেড হলে এতে অ্যালকোহল তৈরি হতে পারে, যা পেটের সমস্যার কারণ হতে পারে। এছাড়া অপরিষ্কার পানি বা পাত্র ব্যবহার করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডায়াবেটিস রোগী ও অতিরিক্ত ওজনের ব্যক্তিদের নিয়মিত পান্তাভাত না খাওয়াই ভালো। সঠিকভাবে তৈরি করে পরিমিত পরিমাণে খেলে পান্তাভাত হতে পারে একটি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার।

Comment / Reply From