Dark Mode
Image
  • Friday, 15 May 2026
বৃষ্টিতে ফোন ভিজেছে? এই ভুলগুলো করলে নষ্ট হতে পারে ডিভাইস!

বৃষ্টিতে ফোন ভিজেছে? এই ভুলগুলো করলে নষ্ট হতে পারে ডিভাইস!

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ফোন বা ল্যাপটপ? এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে ফোন অন আছে কি না দেখতে বোতাম চাপতে শুরু করেন। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ভুল সিদ্ধান্তই ডিভাইসের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে।

ভেজা অবস্থায় ডিভাইসে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ফলে সার্কিট বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক সময় স্থায়ী সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই ডিভাইস ভিজে গেলে প্রথম কয়েক মিনিটে কী করবেন এবং কী করবেন না— সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রথমেই ডিভাইস বন্ধ করুন

মোবাইল মেরামত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ফোন বা ল্যাপটপ ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দিতে হবে। যদি আগে থেকেই বন্ধ থাকে, তাহলে চালু করার চেষ্টা করা যাবে না।

অনেকেই স্ক্রিন চেক করা, ক্যামেরা খোলা বা কল রিসিভ করার চেষ্টা করেন। এতে ভেতরে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

চার্জে থাকলে দ্রুত প্লাগ খুলুন

যদি ফোন বা ল্যাপটপ চার্জে লাগানো অবস্থায় ভিজে যায়, তাহলে প্রথমে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করুন। কারণ ভেজা ডিভাইসে বিদ্যুৎ চলাচল শুধু যন্ত্রের জন্য নয়, ব্যবহারকারীর জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

শুকনো কাপড়ে পানি মুছে ফেলুন

ডিভাইস বন্ধ করার পর নরম শুকনো কাপড় বা টিস্যু দিয়ে বাইরের পানি মুছে নিতে হবে। চার্জিং পোর্ট, স্পিকার, হেডফোন জ্যাকের মতো অংশগুলো ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

তবে একটি কাজ কখনোই করা যাবে না— ফোন ঝাঁকানো। এতে পানি আরও ভেতরে ঢুকে যেতে পারে।

ব্যাটারি ও সিম খুলে ফেলুন

যদি ফোনের ব্যাটারি, সিম কার্ড বা মেমোরি কার্ড খোলা যায়, তাহলে সেগুলো আলাদা করে ফেলুন। এতে ভেতরের অংশ দ্রুত শুকাতে সাহায্য করবে।

হেয়ার ড্রায়ার ব্যবহার করা বিপজ্জনক

অনেকে দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা গরম বাতাস ব্যবহার করেন। প্রযুক্তিবিদরা বলছেন, এটি ডিভাইসের জন্য আরও ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত তাপ ব্যাটারি ও সার্কিট বোর্ডের ক্ষতি করতে পারে এবং পানি আরও গভীরে পৌঁছে দিতে পারে।

সবচেয়ে ভালো উপায় হলো প্রাকৃতিক বাতাসে শুকানো। ফ্যানের নিচে বা বাতাস চলাচল করে এমন স্থানে রেখে দিতে হবে।

সিলিকা জেল ব্যবহার করতে পারেন

চালের মধ্যে ফোন রাখার পদ্ধতি জনপ্রিয় হলেও এটি শতভাগ কার্যকর নয়। বরং সিলিকা জেলের ছোট প্যাকেট আর্দ্রতা শোষণে বেশি কার্যকর। জুতার বাক্স বা নতুন ব্যাগে থাকা এই প্যাকেটগুলো ডিভাইসের পাশে রেখে দেওয়া যেতে পারে।

ল্যাপটপের ক্ষেত্রে বাড়তি সতর্কতা

ল্যাপটপ ভিজে গেলে সেটি উল্টো করে রাখতে হবে, যাতে কিবোর্ডের ভেতরে ঢুকে যাওয়া পানি বের হয়ে আসতে পারে। এরপর অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে।

কতক্ষণ পরে চালু করবেন?

ডিভাইস বাইরে থেকে শুকনো দেখালেও ভেতরে আর্দ্রতা থাকতে পারে। তাই বিশেষজ্ঞরা অন্তত ২৪ ঘণ্টা, সম্ভব হলে ৪৮ ঘণ্টা অপেক্ষা করার পরামর্শ দেন।

যদি এরপরও ফোন চালু না হয়, স্ক্রিন ঝাপসা দেখা যায়, শব্দে সমস্যা হয় বা চার্জ না নেয়, তাহলে দ্রুত সার্ভিস সেন্টারে নেওয়া উচিত।

মনে রাখুন এই ৪টি ধাপ

  • ডিভাইস বন্ধ করুন
  • প্লাগ খুলুন
  • শুকনো কাপড়ে মুছুন
  • পর্যাপ্ত সময় অপেক্ষা করুন

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে অনেক ক্ষেত্রেই ভেজা ফোন বা ল্যাপটপ সহজেই বাঁচানো সম্ভব।

Comment / Reply From