Dark Mode
Image
  • Wednesday, 10 June 2026
এআই ভিডিও ধরবে ইউটিউব, আসছে নতুন লেবেল ফিচার

এআই ভিডিও ধরবে ইউটিউব, আসছে নতুন লেবেল ফিচার

এআই ভিডিও শনাক্তে নতুন পদক্ষেপ, স্বয়ংক্রিয় লেবেল চালু করছে ইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ভিডিও শনাক্তে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব। প্ল্যাটফর্মটি এবার এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে উল্লেখযোগ্য মাত্রায় এআই ব্যবহার করা ভিডিওগুলোতে বিশেষ সতর্কতামূলক লেবেল যুক্ত হবে।

ইউটিউব জানিয়েছে, অনলাইনে এআইনির্ভর কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় দর্শকদের কাছে ভিডিওর উৎস ও সত্যতা সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য তুলে ধরার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোনো ভিডিও সম্পূর্ণ বা আংশিকভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি কিংবা সম্পাদনা করা হয়েছে কি না।

এর আগে ভিডিও নির্মাতাদের নিজ উদ্যোগে এআই ব্যবহারের তথ্য প্রকাশ করতে হতো। তবে নতুন ব্যবস্থায় ইউটিউব নিজেই ভিডিও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে। ভিডিওর শিরোনামের পাশে দৃশ্যমানভাবে এই লেবেল দেখানো হবে। পাশাপাশি ইউটিউব শর্টসের ক্ষেত্রেও ভিডিওর নিচে এআই-সংক্রান্ত সতর্কতা প্রদর্শিত হবে।

তবে আপাতত এই সুবিধা শুধুমাত্র ইউটিউবের মূল প্ল্যাটফর্মে চালু করা হচ্ছে। শিশুদের জন্য নির্ধারিত ইউটিউব কিডসে এটি এখনও কার্যকর হবে না।

এক ব্লগ পোস্টে ইউটিউব স্পষ্ট করেছে, এআই লেবেল যুক্ত হওয়ার কারণে কোনো ভিডিওর সুপারিশ ব্যবস্থা, ভিউ কিংবা আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না। বরং দর্শকদের আরও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার মাধ্যমে কনটেন্ট ব্যবহারে স্বচ্ছতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি নিম্নমানের ভিডিও, ভুয়া তথ্যভিত্তিক কনটেন্ট এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইউটিউব। এসব সমস্যা মোকাবিলায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিপুলসংখ্যক ভিডিও ও চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এআইনির্ভর কনটেন্টের দ্রুত বিস্তারের যুগে ইউটিউবের এই উদ্যোগ ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Comment / Reply From

You May Also Like