Dark Mode
Image
  • Wednesday, 08 July 2026
চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকা ছেড়ে ফ্রান্সে স্থায়ী হলেন জুলি

চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকা ছেড়ে ফ্রান্সে স্থায়ী হলেন জুলি

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কাজের সহায়ক নয়, অনেকের জীবনের বড় সিদ্ধান্তেও প্রভাব ফেলছে। তারই এক ব্যতিক্রমী উদাহরণ যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা জুলি নিস। টেক্সাসে বেড়ে ওঠা এই নারী সম্প্রতি ফ্রান্সের একটি ছোট শহর উজেসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন—আর এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এআই চ্যাটবট চ্যাটজিপিটি।

জুলি জানান, নিজের জীবনযাপন, পছন্দ-অপছন্দ, কাজের ধরন ও মানসিক অবস্থার বিস্তারিত তথ্য তিনি চ্যাটজিপিটিকে জানান। সেই তথ্য বিশ্লেষণ করে চ্যাটজিপিটি তাকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর উজেসে বসবাসের পরামর্শ দেয়। শুরুতে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও, তিনি এই পরামর্শকে গুরুত্বের সঙ্গে নেন এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান।

চলতি বছরের মার্চ মাসে উজেসে নতুন জীবন শুরু করেন জুলি নিস। মধ্যযুগীয় স্থাপত্য, সরু পাথুরে রাস্তা এবং শান্ত-নিরিবিলি পরিবেশ তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। কর্পোরেট চাকরির চাপ, দীর্ঘদিনের উদ্বেগ, হতাশা ও শারীরিক ক্লান্তিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান জুলি। ফ্রান্সে চলে আসার পর তার মানসিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

নতুন জীবনের অংশ হিসেবে জুলি ইউটিউবে চালু করেছেন ‘French Julie Travels’ নামের একটি চ্যানেল। সেখানে তিনি স্থানীয় জীবনধারা, ফরাসি খাবার এবং ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করছেন, যা ইতিমধ্যে দর্শকদের আগ্রহ কাড়তে শুরু করেছে।

যদিও নতুন শহরে একা বসবাসের শুরুতে একাকীত্ব অনুভব করেছিলেন তিনি, তবে ধীরে ধীরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে উজেসের মানুষজনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হয়েছে এবং শহরের সামাজিক জীবনেও তিনি সক্রিয় হয়ে উঠেছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নতুন মাত্রা দিয়েছে। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে এআইয়ের ভূমিকা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন নিউজ

Comment / Reply From