ফোনে ম্যালওয়্যার ঢুকেছে বুঝবেন যেভাবে
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; অফিসের কাজ, ব্যাংকিং, অনলাইন কেনাকাটা থেকে শুরু করে ব্যক্তিগত ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য—সবই এতে সংরক্ষিত থাকে। ফলে ফোনে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ঢুকে পড়লে শুধু ডিভাইসের কার্যক্ষমতাই কমে না, ব্যক্তিগত তথ্য ও অর্থও ঝুঁকিতে পড়তে পারে।
তবে ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার পর ফোনে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। সেসব লক্ষণ সময়মতো শনাক্ত করতে পারলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়।
যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন
১. অস্বাভাবিক দ্রুত ব্যাটারি শেষ হওয়া
আগের তুলনায় হঠাৎ ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে গেলে বিষয়টি খেয়াল করা দরকার। ব্যাকগ্রাউন্ডে কোনো অচেনা অ্যাপ বা ক্ষতিকর প্রসেস অতিরিক্ত কাজ করলে এমনটি হতে পারে। তবে পুরোনো ব্যাটারি বা অন্য কারণেও দ্রুত চার্জ শেষ হতে পারে।
২. বেড়ে যায় ডেটা খরচ
ম্যালওয়্যার ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে পারে। তাই স্বাভাবিক ব্যবহারের তুলনায় হঠাৎ মোবাইল ডেটার খরচ বেড়ে গেলে কোন অ্যাপ বেশি ডেটা ব্যবহার করছে, তা পরীক্ষা করে দেখা ভালো।
৩. ফোনের গতি কমে যাওয়া
ফোনে অচেনা কোনো সফটওয়্যার অতিরিক্ত রিসোর্স ব্যবহার করলে ডিভাইস ধীর হয়ে যেতে পারে। অ্যাপ খুলতে দেরি হওয়া, টাইপ করার সময় ল্যাগ করা বা স্ক্রলিংয়ে সমস্যা দেখা দেওয়ার মতো বিষয়গুলো তখন চোখে পড়তে পারে।
৪. অচেনা অ্যাপ বা হঠাৎ বিজ্ঞাপন
আপনি ইনস্টল করেননি—এমন কোনো অ্যাপ ফোনে দেখা গেলে সতর্ক হওয়া প্রয়োজন। একইভাবে হোমস্ক্রিনে অস্বাভাবিক পপ-আপ বিজ্ঞাপন বা বারবার অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখালেও বিষয়টি পরীক্ষা করে দেখা উচিত।
৫. অস্বাভাবিকভাবে ফোন গরম হওয়া
কোনো ভারী কাজ না করেও ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে অস্বাভাবিক কোনো প্রসেস চলছে কি না, তা দেখা দরকার। ম্যালওয়্যার অতিরিক্ত প্রসেসর ব্যবহার করলে এমনটা হতে পারে। তবে অতিরিক্ত গরম হওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে।
ম্যালওয়্যার আছে কি না বুঝতে যা করবেন
নিরাপত্তা স্ক্যান চালান: অ্যান্ড্রয়েড ফোনে Google Play Protect ব্যবহার করে অ্যাপ পরীক্ষা করা যায়। প্রয়োজনে বিশ্বস্ত নিরাপত্তা বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়েও স্ক্যান করা যেতে পারে।
অচেনা অ্যাপ সরিয়ে দিন: ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা পরীক্ষা করুন। পরিচিত নয় বা প্রয়োজন নেই—এমন অ্যাপ থাকলে তার উৎস যাচাই করে আনইনস্টল করুন।
ফোন আপডেট রাখুন: Android বা iOS-এর সফটওয়্যার আপডেট নিয়মিত ইনস্টল করা গুরুত্বপূর্ণ। আপডেটের মাধ্যমে নিরাপত্তাজনিত দুর্বলতার সমাধানও দেওয়া হয়।
প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট: ম্যালওয়্যারের সন্দেহ থেকে গেলে এবং অন্য উপায়ে সমস্যা সমাধান না হলে গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ নিয়ে ফোন ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। রিসেটের পরও অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আক্রান্ত হওয়া ঠেকাতে সতর্ক থাকুন
ম্যালওয়্যার থেকে বাঁচতে অচেনা ওয়েবসাইট বা সন্দেহজনক লিংকে ক্লিক না করাই ভালো। Google Play Store বা Apple App Store-এর মতো অনুমোদিত উৎস ছাড়া অন্য জায়গা থেকে অ্যাপ ইনস্টল না করাও গুরুত্বপূর্ণ।
পাশাপাশি ফোনের ব্যাটারি ও ডেটা ব্যবহারের হিসাব নিয়মিত দেখুন। কোনো অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়লে কোন অ্যাপ বা প্রসেস এর জন্য দায়ী, তা খুঁজে বের করার চেষ্টা করুন। সন্দেহজনক মেসেজ বা ই-মেইলের লিংকে ক্লিক করা কিংবা সেখানে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
মনে রাখা দরকার, ব্যাটারি দ্রুত শেষ হওয়া, ফোন ধীর হয়ে যাওয়া বা গরম হওয়ার মতো একটি লক্ষণ দেখলেই নিশ্চিতভাবে ম্যালওয়্যার আক্রান্ত বলা যায় না। তবে একাধিক অস্বাভাবিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা উচিত।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!