Dark Mode
Image
  • Sunday, 15 February 2026
ব্লেন্ডার ছাড়াই ঘরোয়া উপায়ে তৈরি করুন তাজা জুস

ব্লেন্ডার ছাড়াই ঘরোয়া উপায়ে তৈরি করুন তাজা জুস

স্বাস্থ্য সচেতনতার এই সময়ে ফল ও সবজির জুস অনেকের দৈনন্দিন খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। তবে বাড়িতে ব্লেন্ডার বা জুসার না থাকলে অনেকেই ভাবেন, তাজা জুস বানানো বুঝি সম্ভব নয়। আসলে খুব সাধারণ কিছু রান্নাঘরের উপকরণ ব্যবহার করেই সহজে তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সতেজ জুস। জেনে নিন ব্লেন্ডার ছাড়াই জুস বানানোর কার্যকর কয়েকটি পদ্ধতি।

কাপড় দিয়ে ছেঁকে জুস তৈরি

পুদিনা পাতা, ধনেপাতা কিংবা আমলকীর মতো উপাদান ছোট করে কেটে নিন। এরপর শিলনোড়া বা হামানদিস্তায় বেটে মিহি পেস্ট বানান। পেস্টটি একটি পরিষ্কার সুতির কাপড়ে রেখে ভালোভাবে নিংড়ে নিলেই বের হয়ে আসবে খাঁটি রস। এই পদ্ধতিতে সহজেই পেতে পারেন বিশুদ্ধ হার্বাল জুস।

শেকিং পদ্ধতিতে ডিটক্স ড্রিঙ্ক

খুব দ্রুত ডিটক্স পানীয় বানাতে চাইলে একটি বোতল বা কাঁচের জার নিন। তাতে লেবুর রস, পরিমাণমতো পানি ও মধু মিশিয়ে ঢাকনা শক্ত করে বন্ধ করুন। এরপর এক মিনিট জোরে ঝাঁকান। অল্প সময়েই তৈরি হয়ে যাবে সতেজ ডিটক্স ড্রিঙ্ক।

গ্রেটার ও ছাঁকনির ব্যবহার

গাজর, বিট বা আপেলের মতো শক্ত ফল ভালোভাবে ধুয়ে গ্রেট করুন। গ্রেট করা অংশটি সুতির কাপড় বা ছাঁকনিতে রেখে হাতে চেপে রস বের করে নিন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য লেবুর রস ও বিট লবণ মেশাতে পারেন।

ডাল ঘুটনি বা বেলনের সাহায্যে

টমেটো, ডালিম বা তরমুজের মতো নরম ফল ছোট টুকরো করে একটি পাত্রে নিন। ডাল ঘুটনি বা বেলন দিয়ে ভালোভাবে ম্যাশ করুন। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই পাবেন টাটকা জুস।

কাঁটাচামচ দিয়ে সাইট্রাস ফলের রস

কমলা বা মাল্টার মতো ফল মাঝখান থেকে কেটে নিন। কাঁটাচামচ ফলের ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে চাপ দিন। এতে সহজেই রস বের হয়ে আসবে। শেষে বীজ আলাদা করে পরিষ্কার রস পান করুন।

ব্লেন্ডার না থাকলেও তাই দুশ্চিন্তার কিছু নেই। সামান্য কৌশল জানলেই ঘরেই তৈরি করা যায় পুষ্টিকর ও তাজা জুস, যা শরীরকে রাখবে সতেজ ও সুস্থ।

Comment / Reply From