Dark Mode
Image
  • Wednesday, 30 September 2026
ভুয়া TikTok-ক্রোমে বড় বিপদ

ভুয়া TikTok-ক্রোমে বড় বিপদ

অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাই বড় বিপদের কারণ হতে পারে। জনপ্রিয় অ্যাপের নাম ও চেহারা নকল করে ব্যবহারকারীদের ফোনে ঢুকে পড়ছে ক্ষতিকর ম্যালওয়্যার। এমনই একটি ম্যালওয়্যার ‘রকারোলা’, যা ভুয়া TikTok বা Google Chrome অ্যাপের মাধ্যমে ফোনে প্রবেশ করে ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল সম্পদ চুরির সুযোগ তৈরি করতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ইনস্টল হওয়ার পর ‘রকারোলা’ ২০০টির বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তু করতে পারে। এমনকি ব্যাংকিং তথ্যের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে সক্ষম এই ম্যালওয়্যার।

যেভাবে ফোনে ঢোকে ‘রকারোলা’

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধীরা জনপ্রিয় অ্যাপের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে। এসব সাইটে Google Chrome বা TikTok-এর নকল সংস্করণ ডাউনলোডের জন্য ব্যবহারকারীকে প্রলুব্ধ করা হয়।

ভুয়া অ্যাপ ইনস্টল করার সময় অনেক ক্ষেত্রে Google Play Protect-এর মতো দেখতে একটি সতর্কবার্তাও দেখানো হয়। আসল নিরাপত্তা সতর্কবার্তা ভেবে ব্যবহারকারী যদি পরবর্তী ধাপে অ্যাপটি ইনস্টলের অনুমতি দেন, তখনই ফোনে ঢুকে যেতে পারে ‘রকারোলা’।

নকল লগইন পেজে ফাঁস হয় ব্যাংকিং তথ্য

ফোনে প্রবেশের পর ম্যালওয়্যারটি ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ফলে ব্যবহারকারী মনে করতে পারেন, তিনি নিজের পরিচিত ব্যাংকিং অ্যাপেই লগইন করছেন।

কিন্তু সেখানে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে। এর ফলে ব্যাংকিং অ্যাকাউন্টের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

শুধু ব্যাংকিং তথ্য নয়, নজরে ব্যক্তিগত তথ্যও

‘রকারোলা’ শুধু ব্যাংকিং অ্যাপের তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ফোনের লকস্ক্রিন-সংক্রান্ত তথ্য ও কনট্যাক্ট তালিকা হাতিয়ে নিতে পারে। পাশাপাশি কী-লগারের মাধ্যমে ফোনে টাইপ করা বিভিন্ন তথ্যও রেকর্ড করতে সক্ষম।

আরও বিপজ্জনক বিষয় হলো, ব্যাংক থেকে আসা প্রতারণা বা সন্দেহজনক লেনদেনের সতর্কবার্তা আটকে দেওয়ার সক্ষমতাও ম্যালওয়্যারটির রয়েছে। এমনকি সন্দেহজনক লেনদেন সম্পর্কে ব্যাংক থেকে আসা ফোনকলেও বাধা দিতে পারে এটি। ফলে ব্যবহারকারী বিষয়টি বুঝে ওঠার আগেই অর্থ সরানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।

নিরাপদ থাকতে যা করবেন

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতিগুলোর একটি। Google Play Store বা Samsung Galaxy Store-এর মতো নির্ভরযোগ্য উৎস ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভালো।

কোনো অ্যাপের নাম, আইকন বা ওয়েবসাইট দেখতে পরিচিত হলেও সেটি আসল কি না, তা নিশ্চিত না হয়ে ইনস্টল করা উচিত নয়। বিশেষ করে অচেনা ওয়েবসাইটে দেখানো নিরাপত্তা সতর্কবার্তা বা ইনস্টল করার অনুরোধে দ্রুত সম্মতি দেওয়ার আগে সতর্ক হওয়া জরুরি।

সাইবার অপরাধীরা প্রতিনিয়ত পরিচিত অ্যাপ ও নিরাপত্তা ফিচারের আদল নকল করে নতুন প্রতারণার কৌশল তৈরি করছে। তাই অ্যাপ ডাউনলোডে একটু বাড়তি সতর্কতাই ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল সম্পদকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

Comment / Reply From