: ভিডিও সত্যি, নাকি এআইয়ের বানানো?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নতির সঙ্গে সঙ্গে এমন ভিডিও তৈরি করা এখন সম্ভব, যা দেখতে অনেকটাই বাস্তব বলে মনে হয়। গুগলের ভিও কিংবা ক্লিং এআইয়ের মতো প্রযুক্তি শুধু লিখিত নির্দেশনা থেকেই অল্প সময়ের মধ্যে মানুষের চলাফেরা, কথা বলা, আলো-ছায়াসহ নানা উপাদান যুক্ত করে ভিডিও তৈরি করতে পারে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখার পর সেটি সত্যিকারের ঘটনার দৃশ্য, নাকি এআই দিয়ে বানানো—তা বোঝা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
ভবিষ্যতে এআই ভিডিও আরও বাস্তবসম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন গবেষণাগার ও স্টার্টআপ এমন প্রযুক্তি তৈরিতে কাজ করছে, যা মানুষের স্বাভাবিক নড়াচড়া, আলো এবং পদার্থবিজ্ঞানের নিয়ম আরও নিখুঁতভাবে অনুসরণ করতে পারবে।
অন্যদিকে এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট শনাক্ত করার জন্যও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সি২পিএর ‘কনটেন্ট ক্রেডেনশিয়ালস’ এবং গুগলের ‘সিনথআইডি’–এর মতো প্রযুক্তি কনটেন্টের উৎস ও সম্পাদনার তথ্য যাচাইয়ে সহায়তা করতে পারে। তবে এআই শনাক্ত করার কোনো প্রযুক্তিই এখনো শতভাগ নির্ভুল নয়।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখার পর সেটি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার আগে কিছু বিষয় নিজে যাচাই করা জরুরি। ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না, তা বোঝার ক্ষেত্রে নিচের লক্ষণগুলো কাজে লাগতে পারে।
১. মুখের অভিব্যক্তি ও শরীরের নড়াচড়া দেখুন
এআই-নির্মিত ভিডিওতে মানুষের মুখের অভিব্যক্তি সব সময় দৃশ্যের আবেগের সঙ্গে স্বাভাবিকভাবে মেলে না। চোখের পলক ফেলার ধরনও কখনো অস্বাভাবিক মনে হতে পারে।
এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে যাওয়ার সময় চোখ, ত্বক বা চুলের গঠনে হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে। শরীরের নড়াচড়ার ক্ষেত্রেও কিছু অস্বাভাবিকতা চোখে পড়তে পারে।
বাস্তব মানুষের হাঁটা, দৌড়ানো বা হাত-পা নাড়ানোর সময় ভারসাম্য ঠিক করা, গতি সামান্য বদলে যাওয়া কিংবা ছোটখাটো অনিয়মিত নড়াচড়া স্বাভাবিক। এআই ভিডিওতে এসব সূক্ষ্ম বিষয় অনেক সময় অনুপস্থিত থাকে। ফলে চলাফেরা যদি অস্বাভাবিক রকম মসৃণ বা কৃত্রিম মনে হয়, তাহলে ভিডিওটি আরও ভালোভাবে যাচাই করা উচিত।
২. শব্দ ও ঠোঁটের নড়াচড়ার মিল দেখুন
কেউ কথা বলার সময় তাঁর কণ্ঠস্বর ও ঠোঁটের নড়াচড়া একই ছন্দে হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।
এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ভিডিওতে বিশেষ করে কোনো বাক্যের শেষের দিকে শব্দের সঙ্গে ঠোঁটের নড়াচড়ায় সামান্য অসামঞ্জস্য দেখা দিতে পারে। কখনো কথার গতি ও মুখের অভিব্যক্তির মধ্যেও অমিল থাকতে পারে।
তবে শুধু এই একটি লক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে কণ্ঠস্বর নকল করার প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে। ফলে সামান্য ঠোঁট-শব্দের অমিল দেখেই কোনো ভিডিওকে এআই-নির্মিত বলে ধরে নেওয়া উচিত নয়।
৩. আলো, ছায়া ও প্রতিফলন খেয়াল করুন
বাস্তব জগতের আলো ও পদার্থবিজ্ঞানের নিয়ম নিখুঁতভাবে অনুসরণ করা এখনো এআই-নির্মিত ভিডিওর জন্য একটি চ্যালেঞ্জ। তাই ভিডিওর আলো, ছায়া ও প্রতিফলনে অস্বাভাবিকতা খুঁজে দেখা যেতে পারে।
যেমন—
কোনো বস্তুর ছায়া হয়তো ভুল দিকে পড়ছে, অথচ আশপাশের অন্য বস্তুর ছায়া সঠিক দিকে রয়েছে।
আয়না বা কাচের মতো প্রতিফলক পৃষ্ঠে মূল দৃশ্যের সঙ্গে মেলে না—এমন কিছু দেখা যেতে পারে।
একটি দৃশ্য থেকে অন্য দৃশ্যে যাওয়ার সময় হঠাৎ আলোর দিক, উজ্জ্বলতা বা ছায়ার ধরন বদলে যেতে পারে।
এ ধরনের অসামঞ্জস্য একসঙ্গে একাধিক জায়গায় দেখা গেলে ভিডিওটির উৎস সম্পর্কে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
৪. ভিডিওতে এআই লেবেল বা ওয়াটারমার্ক আছে কি না দেখুন
ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন বড় প্ল্যাটফর্ম এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট শনাক্ত করতে বিভিন্ন লেবেল ও ওয়াটারমার্ক ব্যবহার করছে।
কোনো ভিডিও এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত হলে সেখানে ‘এআই ইনফো’, ‘অল্টারড’ বা ‘সিনথেটিক কনটেন্ট’–এর মতো নির্দেশক দেখা যেতে পারে। এসব তথ্য নির্মাতার দেওয়া তথ্য এবং প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ভিত্তিতে যুক্ত হতে পারে।
তবে লেবেল না থাকলেই কোনো ভিডিওকে নিশ্চিতভাবে বাস্তব ধরে নেওয়া যাবে না। অনেক এআই-নির্মিত বা সম্পাদিত ভিডিও কোনো চিহ্ন ছাড়াই ছড়িয়ে পড়তে পারে। আবার কখনো বাস্তব ভিডিওও ভুলভাবে এআই-নির্মিত হিসেবে শনাক্ত হতে পারে।
তাই লেবেলকে একটি সূত্র হিসেবে দেখুন, চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়।
৫. ভিডিওটির মূল উৎস খুঁজে বের করুন
কোনো ভিডিও সন্দেহজনক মনে হলে প্রথমেই দেখুন সেটি কোথা থেকে এসেছে। যে অ্যাকাউন্ট বা পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, সেটির পুরোনো পোস্ট, অ্যাকাউন্ট তৈরির সময়, নাম, প্রোফাইল ছবি এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখা যেতে পারে।
বিশেষ করে একেবারে নতুন কোনো অ্যাকাউন্ট যদি অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক পোস্ট করতে শুরু করে, তাহলে সেটির কনটেন্ট যাচাই করে দেখা ভালো।
তবে শুধু অ্যাকাউন্ট নতুন বা অস্বাভাবিক মনে হলেই ভিডিওটিকে ভুয়া বলা যাবে না। ভিডিওটির আগের উৎস, ঘটনার সময় ও স্থান, প্রাসঙ্গিক সংবাদ এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্রের তথ্য মিলিয়ে দেখাই বেশি গুরুত্বপূর্ণ।
শুধু চোখে দেখে সিদ্ধান্ত নয়
এআই প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ভিডিও দেখে সত্য-মিথ্যা বোঝার কাজও তত কঠিন হয়ে উঠছে। তাই মুখের নড়াচড়া, শব্দের অমিল, আলো-ছায়া কিংবা প্ল্যাটফর্মের লেবেল—কোনো একটি লক্ষণ দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
একাধিক সূত্র মিলিয়ে দেখা, ভিডিওটির মূল উৎস খুঁজে বের করা এবং নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে ঘটনার প্রেক্ষাপট যাচাই করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। বিশেষ করে কোনো ভিডিও চমকপ্রদ বা অবিশ্বাস্য মনে হলে সেটি যাচাই না করে শেয়ার না করাই ভালো।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!