Dark Mode
Image
  • Wednesday, 29 July 2026
বর্ষায় খিচুড়ি কেন এত উপকারী?

বর্ষায় খিচুড়ি কেন এত উপকারী?

বর্ষাকাল এলেই বাঙালির খাবারের তালিকায় সবচেয়ে জনপ্রিয় পদগুলোর একটি হয়ে ওঠে খিচুড়ি। বাইরে টানা বৃষ্টি, ঘরবন্দি পরিবেশ আর গরম ধোঁয়া ওঠা খিচুড়ি—এই যেন বর্ষার চিরচেনা ছবি। তবে শুধু স্বাদ বা ঐতিহ্যের কারণেই নয়, বর্ষাকালে খিচুড়ি খাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতাও।

বর্ষার সময় অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় বাজারে নিয়মিত শাকসবজি, মাছ কিংবা অন্যান্য খাদ্যসামগ্রী পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে চাল ও ডাল দিয়েই সহজে তৈরি করা যায় পুষ্টিকর একটি পূর্ণাঙ্গ খাবার। সুযোগ থাকলে এতে বিভিন্ন সবজি, ডিম, মুরগি কিংবা গরুর মাংস যোগ করে এর পুষ্টিগুণ আরও বাড়ানো যায়।

কেন খিচুড়ি স্বাস্থ্যকর?

পুষ্টিবিদদের মতে, খিচুড়ি একটি সুষম খাবার। এতে চাল থেকে শরীরের প্রয়োজনীয় শর্করা ও শক্তি পাওয়া যায়, আর ডাল সরবরাহ করে উচ্চমানের উদ্ভিজ্জ প্রোটিন ও খাদ্যআঁশ। এছাড়া রান্নায় ব্যবহৃত ঘি বা তেল শরীরে প্রয়োজনীয় চর্বির জোগান দেয় এবং ভিটামিন শোষণে সহায়তা করে।

খিচুড়িতে ব্যবহৃত হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমাতে সহায়ক, আর আদা শরীরকে উষ্ণ রাখতে ও সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। জিরা, গোলমরিচসহ বিভিন্ন মসলা হজমশক্তি বাড়ানোর পাশাপাশি বিপাকক্রিয়া উন্নত করতেও ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধে ভূমিকা

চাল ও ডালের সংমিশ্রণে তৈরি খিচুড়ি লাইসিন নামের একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের ভালো উৎস। শরীর নিজে থেকে এই অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়।

লাইসিন রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে, ক্যালসিয়াম শোষণে সহায়তা করতে এবং কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি কিছু ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।

সহজে হজম হয়

বর্ষাকালে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। এ সময় অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবারের পরিবর্তে খিচুড়ি তুলনামূলক সহজে হজম হয়। বিশেষ করে অসুস্থতা থেকে সেরে ওঠা ব্যক্তি, শিশু এবং বয়স্কদের জন্যও এটি উপযোগী খাবার হিসেবে বিবেচিত হয়।

পাঁচমিশালি ডালের খিচুড়ি

উপকরণ

  • পোলাওয়ের চাল – ৫০০ গ্রাম
  • মসুর ডাল – ৫০ গ্রাম
  • ভাজা মুগ ডাল – ৫০ গ্রাম
  • খেসারি ডাল – ৫০ গ্রাম
  • অ্যাংকর ডাল – ৫০ গ্রাম
  • বুটের ডাল – ৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি – আধা কাপ
  • কাঁচা মরিচ – ৬–৭টি
  • সরিষার তেল – আধা কাপ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – ১ চা-চামচ
  • এলাচ, দারুচিনি ও তেজপাতা – পরিমাণমতো
  • লবণ – স্বাদ অনুযায়ী
  • ঘি – সামান্য
  • পানি – প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে মসুর ডাল ছাড়া বাকি সব ডাল ধুয়ে ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করে নিন।

এরপর মসুর ডাল ও পোলাওয়ের চাল একসঙ্গে ধুয়ে একটি হাঁড়িতে নিন। এতে সেদ্ধ ডাল, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, লবণ, হলুদ, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রয়োজনমতো পানি দিন।

মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। চাল ফুটে এলে আঁচ কমিয়ে কাঁচা মরিচ যোগ করুন। শেষে সামান্য ঘি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট দমে রাখুন।

গরম গরম পাঁচমিশালি ডালের খিচুড়ি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজি বা সালাদের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে আরও দারুণ।

Comment / Reply From